এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে বিএনপি নেতাদের শোক প্রকাশ

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

তারা এমাজউদ্দীন আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপির শোক বাণীতে বলা হয়, দেশের কৃতি অধ্যাপক, বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমদের মৃত্যুতে শোকাহত দেশবাসী, অসংখ্য গুণগ্রাহী ও তার অগণিত ছাত্র-ছাত্রীর ন্যায় গভীরভাবে বেদনাহত। দেশের মহাসংকটময় সময়ে তার মতো একজন চিন্তাশীল ও জ্ঞানী মানুষের ইহধাম ত্যাগে তার শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দেশের ক্রান্তিকালে তিনি জাতির বিবেক হিসেবে কাজ করতেন।

অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ শুক্রবার ভোর পৌনে ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।