বিনামূল্যে ফেইসবুক ব্যবহারের প্যাকেজে বিটিআরসির নিষেধাজ্ঞা

ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী কোম্পানিগুলোর ‘বিনামূল্যের’ অথবা ‘আংশিক মূল্যের’ ডেটা প্যাকেজে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ওই নির্দেশনা দিয়ে বিটিআরসি চিঠি পাঠানোর পর অপারেটররা তার বাস্তবায়নও শুরু করেছে। জানা যায়, বিটিআরসি ইন্টারনেট সরবরাহকারীদের চিঠিটি দেয় গত ১৪ জুলাই। পরদিন ১৫ জুলাই থেকে নির্দেশনা কার্যকর করতে বলা হয়। চিঠিতে সই করেন বিটিআরসির উপপরিচালক সাবিনা ইসলাম। চিঠিটি দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়ের এক পত্রের পরিপ্রেক্ষিতে।

বিটিআরসির চিঠিতে বলা হয়, ‘টেলিযোগাযোগ সেবাদাতা অপারেটরগুলো তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা আংশিক ফ্রি বা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে দিয়ে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়া সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নানা রকমের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করে আসছে। অপারেটরদের গ্রাহকদের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা ফ্রি বা বিনামূল্যে দেওয়া থেকে বিরত থাকার জন্য এ নির্দেশনা দেওয়া হলো।’

দেশের চারটি মোবাইল অপারেটর বিভিন্ন ইন্টারনেট প্যাকেজে এ ধরনের সেবা দিয়ে থাকে। সব মিলিয়ে সাত থেকে আটটির বেশি এ ধরনের সেবা নেই। ফেইসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কম দামে এসব ইন্টারনেট প্যাকেজ সেবা ছিল।

বিটিআরসির হিসাবে গত মে মাস নাগাদ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ২১ লাখ ১৩ হাজার। এর মধ্যে ৯ কোটি ৪০ লাখের বেশি গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে।