রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তাররা হলো খন্দকার জিয়াউর রহমান ওরফে রফিকুল আলম ওরফে মশিউর মিশু (৩৯), ফয়সাল (২৮), আল-আমিন (২৫) ও রানা হোসেন (২৫)। তাদের গতকাল শুক্রবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে ডাকাতির কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে মিশু। এছাড়া ফয়সালেরও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা থাকলেও সে দেয়নি। পরে তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া অন্য দুজন রানা ও আল-আমিনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম দেশ রূপান্তরকে জানান, গত ১০ জুলাই রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাতপরিচয় সাত-আটজন ডাকাত বাড্ডার আফতাবনগরের ১ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ই ব্লকের ৩১ নম্বর বাড়ির ৫ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা মজিবুর রহমানের কক্ষে ঢুকে তার হাত-পা, মুখ-চোখ বেঁধে ফেলে। এছাড়া তার দুই মেয়ের হাত-পা ও মুখ বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ১২ জুলাই বাড্ডা থানায় মামলা হয়। মামলাটির তদন্ত শুরু হওয়ার পর বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।