সড়কে প্রাণ গেল ৩ জনের

ফেনীর ফুলগাজীতে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের গাইনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনী সদর উপজেলার উত্তর কাশিমপুর এলাকার বাচ্চু মিয়া (৭৫) ও তার বোন খুকি আক্তার (৫৫)। এ ছাড়া একই দিন ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বাড্ডায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস হাওলাদার (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফুলগাজীতে নাতি রুবেলের শ^শুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন বাচ্চু ও খুকি। পথে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের গাইনবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে অপর একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বাচ্চু ও খুকিকে মৃত ঘোষণা করেন। ফুলগাজী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করা গেলেও চালকরা পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে।

বাড্ডা থানার এসআই শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।