টিকার তথ্য হ্যাকিং

অভিযোগ ভিত্তিহীন বলল রাশিয়া

যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে টিকা গবেষণার তথ্য হ্যাকিং প্রচেষ্টার যে অভিযোগ এনেছে, তা উড়িয়ে দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের এক মুখপাত্র যুক্তরাজ্যের নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের অভিযোগকেও ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি) রাশিয়ার বিরুদ্ধে কভিড-১৯ টিকার গবেষণার তথ্য হ্যাকিংয়ের অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই পেসকভ ওই অভিযোগকে ‘ভিত্তিহীন’ অ্যাখ্যা দেন। তিনি বলেন, ‘কেউ যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি ও গবেষণা কেন্দ্রগুলোর তথ্য হ্যাক করার চেষ্টা করেছিল বলে আমাদের কাছে তথ্য নেই।’ এনসিএসসির দাবি, তারা অনেকটাই নিশ্চিত যে হ্যাকাররা কভিড-১৯ টিকার গবেষণার তথ্য চুরির চেষ্টা করছে তারা যে রুশ গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছে। লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন নথি ফাঁস করে দিয়ে ‘রাশিয়ার ক্রীড়নকেরা’ যুক্তরাজ্যের গত বছরের সাধারণ নির্বাচন বিঘিœত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ যুক্তরাজ্যের।

পেসকভ বলেছেন, ‘আমরা এ ধরনের অভিযোগ মেনে নিতে পারি না। একই কথা প্রযোজ্য ২০১৯-এর যুক্তরাজ্যের নির্বাচনে মস্কোর হস্তক্ষেপবিষয়ক ভিত্তিহীন অভিযোগের ব্যাপারেও।’ নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে এখনো প্রেসিডেন্ট ট্রাম্প ভুগছেন। আসন্ন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যু কতটা প্রভাব বিস্তার করে তাই এখন দেখার বিষয়।