রুশো ব্রাদার্সের ছবিতে ইভান্স-গোসলিং, বাজেট ২০ কোটি ডলার

সর্বশেষ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দিয়ে দুই পরিচালক ভাই অ্যান্থনি ও জো রুশো নিজেদের প্রতিভার দৌড় প্রমাণ করেছেন। পরের ছবিতেও তারা রাখছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ ক্রিস ইভান্সকে, সঙ্গে থাকছেন রায়ান গোসলিং।

দ্য র‌্যাপের এক প্রতিবেদনে জানা যায়, নেটফ্লিক্স প্রযোজিত এসপিওনাজ থ্রিলারটির নাম ‘দ্য গ্রে ম্যান’। বাজেটও আকাশছোঁয়া, ২০ কোটি ডলারের বেশি।

মার্ক গ্রেনির বিখ্যাত থ্রিলার সিরিজ থেকে গল্পটি নেওয়া হয়েছে, যার নামও ‘দ্য গ্রে ম্যান’। চিত্রনাট্য করছেন স্টিফেন ম্যাকফিলে ও ক্রিস্টোফার মারকুস। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি পেতে যাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটির দর্শকেরা।

ছবিতে কোর্ট জেনট্রি চরিত্রে থাকছেন গোসলিং। যে কিনা মারপিট, অস্ত্র চালনা ও দ্রুত পালিয়ে যেতে সক্ষম। তাকে অনুসরণ করে সাবেক সিআইএ কলিগ লয়েড হ্যানসেন। এ চরিত্রে আছেন ইভান্স।

মার্ক গ্রেনির সিরিজটির প্রকাশ শুরু ২০০৯ সালে। এখন পর্যন্ত আটটি সিক্যুয়েল প্রকাশ হয়েছে। আরও দুটি বই রয়েছে প্রকাশের অপেক্ষায়। এ ছাড়া টম ক্ল্যানসির ‘জ্যাক রায়ান’ চরিত্রের ওপর ভিত্তি করে বেশ কয়েকটি থ্রিলার লিখেছেন তিনি।

এর আগে নেটফ্লিক্সের জন্য ‘এক্সট্রাকশন’ প্রযোজনা করেন রুশো ব্রাদার্স। ক্রিস হেমওয়র্থ অভিনীত সিনেমাটিতে বাংলাদেশকে ভুলভাবে চিত্রায়নের অভিযোগ উঠে। তবে এটি অল্প সময়ে নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিনেমায় পরিণত হয়। চার সপ্তাহে প্রায় ১০ কোটি দর্শক দেখেছে।