দিনাজপুরের পার্বতীপুরে আধুনিক স্টেডিয়ামের নতুন গ্যালারি উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়ামের গ্যালারি, ভবন নির্মাণ ও মাঠ তৈরিসহ আনুষঙ্গিক সংস্কার কাজ শেষ করে ঢাকার মেসার্স বিনিময় কনস্ট্রাকশন।
শুক্রবার বিকেল ৫টায় মোবাইল ফোনের মাধ্যমে স্টেডিয়ামের উদ্বোধন করেন সাবেক গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাব সরকার প্রমুখ।
পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবীদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. আমজাদ হোসেন বলেন, পার্বতীপুর উপজেলা স্টেডিয়ামের ভবনগুলোতেও প্রয়োজনীয় সংস্কার সাধন ও রং লাগানো হয়েছে। এর মাধ্যমে পার্বতীপুর উপজেলা স্টেডিয়ামের আগের চেহারা বদলে দৃষ্টিনন্দন রূপ পেয়েছে। বর্তমানে শিশু-কিশোররা ফেসবুক আসক্ত হয়ে পড়েছে। মাঠ ভালো থাকলে এলাকার শিশু-কিশোররা খেলায় উজ্জীবিত হবে।