জাতীয় সংসদের সাবেক হুইপ ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
আশরাফ হোসেন দীর্ঘদিন ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সাবেক এই হুইপ দুই ছেলে ও এক মেয়ে এবং নাতি- নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুম আশরাফ হোসেন খুলনা-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। হুইপ হিসেবে তিনবার জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন আশরাফ হোসেন।
বিএনপির যুগ্ম-মহাসচিবও ছিলেন তিনি। ১/১১ এর সময় বিএনপি থেকে সরে আসলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে রাখেন তিনি।