মাস্ক করোনাভাইরাস সংক্রমণের অন্যতম হাতিয়ার হলেও যুক্তরাষ্ট্রের সবাইকে এটা পরতে কোনো আনুষ্ঠানিক নির্দেশ দেবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এতে মানুষের ব্যক্তি স্বাধীনতা বিঘ্নিত হতে পারে।
কভিড-১৯ সংক্রমণ যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে। টানা তিন দিন রেকর্ড আক্রান্ত দেখেছে দেশটি। সবশেষ চব্বিশ ঘণ্টায় করোনার সংক্রমণ পাওয়া গেছে ৭৭ হাজারের বেশি মানুষের শরীরে।
হোয়াইট হাউসের করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের অন্যতম সদস্য অ্যান্থনি ফাউসি সম্প্রতি সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে বলেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে এটা পরা উচিত।” নাগরিকদের মাস্ক পরাতে ‘যতটা সম্ভব কঠোর’ হতেও অঙ্গরাজ্যগুলোর সরকার ও স্থানীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
ফাউসির এমন মন্তব্যের পরই মাস্ক পরা বিপরীত কথা করলেন ট্রাম্প। সবাইকে মাস্ক পরতে আনুষ্ঠানিক কোনো নির্দেশ দেবেন কি-না ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, আমি চাই যুক্তরাষ্ট্রের জনগণের স্বাধীনতা থাকুক। আমি এ ধরনের নির্দেশনায় বিশ্বাস করি না।”
“সবার মাস্ক পরতে হবে এই ধরনের মন্তব্যে আমি একমত না। হঠাৎ করে দেখবেন সবকিছু চলে গেছে।”
মাস্ক প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, “সবাই বলছিল, সবার মাস্ক পরা দরকার নেই। হঠাৎ করেই বলা শুরু হলো- সবার মাস্ক পরতে হবে। আপনি জানেন, মাস্ক পরলে কিছু সমস্যা হয়। তবে আমি যেটা বলছি, আমি মাস্ক পরায় বিশ্বাসী, মাস্ক পরা ভালো।”
চলমান করোনাভাইরাস প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে মাস্ক পরা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুরুতে অনেক অঙ্গরাজ্যের গভর্নর মাস্কের বিরোধীতা করলেও এখন তারা সবাইকে মাস্ক পরতে নির্দেশ দিচ্ছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পও শুরু থেকেই মাস্কের বিরোধীতা করে আসছিলেন। অনেক সমালোচনার মুখে এ ব্যাপারে নিজের অবস্থান থেকে সরে আসেন রিপাবলিকান এই রাজনীতিক। গত শনিবার প্রথমবারের মতো মাস্ক পরা অবস্থায় জন সম্মুখে আসেন তিনি।
করোনাভাইরাস সংক্রমণ যুক্তরাষ্ট্রে দিন দিন বেড়েই চলছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৭৭ হাজারের বেশি শনাক্তসহ দেশটিতে মোট করোনারোগী এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে ৩৭ লাখ ৭০ হাজার, মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৪২ হাজার।
বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র এখনো করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাপই কাটিয়ে উঠতে পারেনি। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমান সংক্রমণের অধিকাংশই দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে।
মাস্ক পরার গুরুত্ব নিয়ে গত সপ্তাহে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক ডা রবার্ট রেডফিল্ড। তিনি বলেছেন, “করোনাভাইরাসের সংক্রমণ কমাতে ও ছড়িয়ে পড়া রোধে মুখ ঢাকা কাপর অন্যতম শক্তিশালী অস্ত্র হতে পারে।”