মেক্সিকোর পশ্চিমাঞ্চলের একটি শহরের উপকণ্ঠে পুলিশ স্টেশনের নিকটবর্তী একটি গণকবর থেকে অন্তত ২৩ জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার গুয়াদালাজারা শহরের কাছ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
জালিসকো অঙ্গরাজ্যের সরকারি প্রসিকিউটর এক বিবৃতিতে জানিয়েছেন, ২৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। সঙ্গে নানা জিনিসপত্রের চারটি ব্যাগ পাওয়া গেছে। মৃতদের তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে।
বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন আগে গণকবরটির সন্ধান মেলে। এখন পর্যন্ত শনাক্ত করা তিন মৃতের পরিবারকে খবর পাঠানো হয়েছে।
জালিসকোর রাজধানী গুয়াদালাজারার উপকণ্ঠে এল সালতো পুলিশ স্টেশন থেকে দুটি আবাসিক বাসস্থান ও তিন ব্লক দূরেই ছিল গণকবরটি।
এ ব্যাপারে স্থানীয়দের দিকে আঙুল তুলেছেন মেক্সিকোতে নিখোঁজ মানুষদের সন্ধানে কাজ করা সংগঠন এফইউএনডিইজে সমন্বয়ক গুয়াদালুপে আগুইলার, “মানুষ বসবাস করে এমন দুটি বাড়ি মাঝামাঝিতে ছিল গণ কবরটি। তারা কেন এ ব্যাপারে কিছু জানায়নি, জিজ্ঞাসাবাদ করতে হবে।”
কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এর বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে।
এর আগে গত ২ জুলাই পার্শ্ববর্তী ত্লাকেপাক মিউনিসিপ্যালটি এলাকায় আরও একটি গণকবর পাওয়া গিয়েছিল। সেখানে মানুষের অঙ্গ ভর্তি ৮৬টি ব্যাগ পাওয়া যায়।