নাগরিক অধিকার আন্দোলনের নন্দিত মার্কিন নেতা জন লুইস ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ১৯৬৩ সালে ওয়াশিংটনে মার্টিন লুথার কিং যে সম্মেলনে ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণ দেন, তার ছয় আয়োজকের একজন ছিলেন এই লুইস।
ওই সম্মেলনে লুইসও বক্তব্য দেন। বক্তাদের মধ্যে এতদিন শুধু তিনিই বেঁচে ছিলেন।
মার্কিন প্রতিনিধি পরিষদে ফ্লোরিডার ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা লুইস সেদিন বলেছিলেন, ‘আমাদের স্বপ্নের বর্ণবাদমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে যা কিছু দরকার সব আমরা করবো।’
গত ডিসেম্বরে লুইস নিজেই জানান তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত। ওই সময় চতুর্থ স্তরে ছিল।
কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অধিকার প্রতিষ্ঠায় লুইস আজীবন কাজ করে গেছেন। এই কাজ করতে গিয়ে তিনি শ্বেতাঙ্গ পুলিশের হাতে একবার নির্মম নির্যাতনের শিকার হন।
মাত্র ১৮ বছর বয়সে কিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে তার আদর্শ মেনে রাজপথ দাপিয়ে জায়গা করে নেন ইতিহাসে।