চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

করোনাকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালন করে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। কর্মসূচি থেকে রামেক হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধি ও চিকিৎসাসেবা নিশ্চিতের জোর দাবি জানানো হয়।

মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন, দেশে মহামারি করোনা পরিস্থিতি চলছে। মানুষ অসহায় হয়ে পড়েছে। চিকিৎসার জন্য প্রতিনিয়ত হাসপাতালে ছুটছেন কিন্তু কাঙ্খিত সেবা পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ তাদের নমুনা টেস্ট করাতে পারছেন না। করোনাকালের অজুহাতে চিকিৎসকরা সাধারণ রোগীদের চিকিৎসা দিচ্ছে না। ফলে রাজশাহীতে ক্রমাগতভাবে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তারা বলেন, গত ঈদের আগ পর্যন্ত রাজশাহী নগর করোনামুক্ত হলেও এখন আশঙ্কাজনকহারে করোনা রোগী বাড়ছে। রোগীরা কোনো চিকিৎসা পাচ্ছে না। এছাড়া রাজশাহীতে করোনা রোগীদের জন্য ডেডিকেটেট হাসপাতাল হিসেবে রাজশাহীর খ্রীষ্টান মিশন হাসপাতালে ব্যবস্থা করা হলেও সেখানকার ভুতুড়ে পরিবেশ ও চিকিৎসকদের অবহেলার কারণে রোগীরা সুস্থ্য হওয়ার পরিবর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।

সমাবেশ থেকে রাজশাহীতে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সদর হাসপাতালেও চিকিৎসাসেবা চালুর জোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, চিকিৎসকরা করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেও চিকিৎসা দিতে নানা গড়িমশি করছেন। অনেক সিনিয়র চিকিৎসক রোগীর কাছে পর্যন্ত পৌঁছেন না। এ কারণে সম্মুখযোদ্ধা হিসেবে চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা হারিয়ে গেছে। সমাবেশ থেকে চিকিৎসকদের প্রতি রোগীবান্ধব হয়ে করোনা রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এছাড়া রামেক হাসপাতালের আইসিইউ ফাঁকা বেডে করোনা রোগীদের রেখে চিকিৎসার দাবি জানানো হয়।

সমাবেশ থেকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উল্লেখ করে অবিলম্বে এসব ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, রাজশাহীর উন্নয়ন তরান্নিত করতে রক্ষা সংগ্রাম পরিষদের অবদান রয়েছে। এ কারণে জামাত খানকে কোণঠাসা করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। মহলটি জামাত খানকে ‘চাঁদাবাজ, রাজাকারের সন্তান ও চিহ্নিত সন্ত্রাসী’ উল্লেখ করে’ নগরীর বিভিন্নস্থানে লিফলেট সেটেছে। লিফলেটের একই কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করছে।  

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল হক, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক হারুনার রশিদ, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন, আইনজীবী এন্তাজুল হক বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজশাহীর নেত্রী সেলিনা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক প্রমুখ বক্তব্য দেন।