খুলনার রূপসা উপজেলায় মাদক সেবনের প্রতিবাদ করায় সুমন শেখ (২৬) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নৈহাটী মোড়ের হুমায়রা কম্পিউটারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুমন নৈহাটী গ্রামের দক্ষিণপাড়ার আফজাল শেখের ছেলে ও রূপসা ডিগ্রি কলেজের ছাত্র। এ ঘটনায় পুলিশ রেজাউল করিম (২৭) নামে একজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রায় এক মাস আগে মাহমুদুল (২৪) প্রকাশ্যে গাঁজা সেবন করে। সুমন শেখ এর প্রতিবাদ করে মাহমুদুলকে থাপ্পর মারে। এ ঘটনার জের ধরে মাহমুদুল শনিবার রাত পৌনে ৮টার দিকে সুমনকে পেয়ে তার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহমুদুল ছুরি দিয়ে সুমনের হাতে ও পেটে আঘাত করে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রেজাউল করিম নামে একজন আটক করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।