সরকার লিপ সার্ভিস ছাড়া বন্যার্তদের জন্য কিছু করছে না : রিজভী

করোনার মতো বন্যা মোকাবিলায়ও সরকার উদাসীন ও নির্লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘শুধু লিপ সার্ভিস ছাড়া সরকার এখন পর্যন্ত কোনো উদ্যোগই গ্রহণ করেনি। বন্যা উপদ্রুত মানুষগুলোর জন্য ত্রাণের ব্যবস্থা না থাকায় তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।’ গতকাল শনিবার  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। করোনার আক্রান্ত মানুষের প্রতি সরকারের যেমন কোনো দায়বদ্ধতা নেই ঠিক তেমনি বন্যাকবলিত লাখ লাখ অসহায়ের বিষয়েও সরকারের ভ্রক্ষেপ নেই বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, ২৩ দিন ধরে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। বরং দিনকে দিন বন্যা প্রলয়ঙ্করী রূপ ধারণ করছে। প্রায় ২০-২৫টি জেলার বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। ফসল আবাদ করে যে মানুষগুলো সচ্ছলভাবে জীবনযাপন করত তারা এখন আশ্রয়কেন্দ্রে দু’মুঠো খাবারের জন্য হাহাকার করছে।