মাল বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

মাল বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ে বগুড়ার সঙ্গে সারিয়াকান্দি উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শনিবার সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কে গাবতলী উপজেলার সাবাসপুর নামক স্থানে বরুঙ্গী বিলের ওপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।

জানা গেছে, ১০ চাকার একটি ট্রাক ৫০ টন সিমেন্ট নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি সাবাসপুর বরুঙ্গী বিলে সড়ক ও জনপথ বিভাগের বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার আত্মগোপন করে। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, বেইলি ব্রিজটি পুরাতন এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫ টনের অতিরিক্ত পণ্য পরিবহন করা যাবে না মর্মে ব্রিজের উভয় পাশে সাইনবোর্ড দেওয়া হয়। কিন্তু কিছুদিন আগে একটি সাইনবোর্ড ভেঙে যায় এবং অপরটি চুরি হয়ে যায়।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ট্রাকটি সরানোর পর ব্রিজটি প্রতিস্থাপনের কাজ শুরু করা হবে।