রাজধানীর উত্তরায় লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়ে সাবেক অতিরিক্ত সচিব শাহজাহান হোসেনের স্ত্রী সালমা পারভীনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির ৫ম তলায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, বিকেল ৫টার দিকে সালমা পারভীন লিফটে ওঠার জন্য সুইচে চাপ দেন। এতে লিফটের দরজা খুললেও লিফট না আসায় তিনি পা বাড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েন। কোনো কারণে লিফট ওপরের দিকে আটকে থাকায় তিনি নিচে পড়ে যান। উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সালমা পারভীনের।