মাদারীপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ, পুলিশ বলছে ডাকাত

মাদারীপুরে উজ্জ্বল শেখ (৪৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। 

রবিবার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়নের মহিষতলী গ্রামের আমির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকার একটি পুকুরপাড়ে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডাকাতি করার সময় অন্তঃকোন্দলের জেরে গোলাগুলিতে উজ্জ্বল নিহত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত উজ্জ্বলের নামে মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। উজ্জ্বল নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।