পঞ্চগড়ে করোনার উপসর্গ নিয়ে পান দোকানির মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মিজানুর রহমান (৫৫) নামে এক পান দোকানদারের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিজানুরের বাড়ি বোদা পৌরসভার সাতখামার এলাকার সজিরউদ্দিনের ছেলে।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসআই এম রাজিউল করিম রাজু দোকানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত্যুর পর আবারও নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসেন জানান, গত শুক্রবার জ্বর ও গলাব্যথা নিয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় মিজানুর রহমান। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।