নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ফ্যানের হুকের সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের পূর্ব বাগিচাপাড়া থেকে নাঈম (২০) নামে তরুণের লাশ উদ্ধার করা হয়।
নাঈম মৃত আব্দুল রশিদের ছেলে এবং দুর্গাপুর কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈমের মা গত তিনদিন আগে গ্রামের বাড়িতে যায়। এ অবস্থায় নাঈম নিজ বাড়িতে একা থাকতো এবং প্রতিবেশীর এক বাসায় খাওয়া-দাওয়া করতেন।
আজ (রবিবার) বেলা ১২টার দিকে এলাকার এক ছোট ভাই তাকে ডাকতে থাকে এবং জানালা দিয়ে দেখে নাঈম বিছানার উপর দাঁড়িয়ে আছে। বিষয়টি নাঈম যে বাসায় খাওয়া-দাওয়া করতো তাকে জানালে তিনি এসে জানালা দিয়ে দেখতে পান নাঈম বিছানার উপর ফ্যানের হুকের সঙ্গে ঝুলছেন।
পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, দুপুরে নাঈমের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।