করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে সমাজে চরম নৈরাজ্য সৃষ্টি হবে বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
রবিবার এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এ আশঙ্কার কথা জানান।
তারা বলেন, শুধু ত্রাণ নয়, আত্মমর্যাদাবোধ সম্পন্ন রাষ্ট্রের প্রয়োজনে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে ৫ দফা ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা দরকার।
বিবৃতিতে তারা বলেন, করোনার ভয়াবহতায় কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রতিনিয়ত কর্মক্ষম মানুষ বেকার হচ্ছে এবং দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। কর্মহীন মানুষের বেঁচে থাকার লড়াইয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে সমাজে চরম নৈরাজ্য সৃষ্টি হবে এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিপন্ন হওয়ার পরিস্থিতির উদ্ভব ঘটবে।