সবকিছু ‘কঠিন মনে হচ্ছে’ মিঠুনের

করোনাভাইরাসের কারণে পুরো চার মাস খেলা-অনুশীলন থেকে দূরে ক্রিকেটাররা। রবিবার থেকে অবশ্য বিসিবির তত্ত্বাবধানে দেশের চার ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন বেশ ক’জন শীর্ষ ক্রিকেটার। ২৬ জুলাই পর্যন্ত তারা অনুশীলন করবেন মাঠে। প্রথম দিন মাঠে ফিরে অবশ্য কিছুটা জড়তা কাজ করেছে সবার মধ্যেই।

মোহাম্মদ মিঠুন যেমন মিরপুরে অনুশীলন শেষে জানিয়েছেন, প্রথম দিন ব্যাটিং-রানিং দুটিই কঠিন মনে হয়েছে।

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘আমরা দীর্ঘ চার মাস পর আজকে মাঠে অনুশীলন করার সুযোগ পাচ্ছি। ব্যাটিং, রানিং- সব কিছুই একটু কঠিন মনে হচ্ছে। কারণ এতদিন আমরা সব কিছুই ঘরের ভেতর করেছি। মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি দিনে দিনে সব আগের মতোই ফিরে পাব।’

বিভিন্ন ভেন্যুতে মোট ৮ ক্রিকেটার প্রথম দিন অনুশীলন করেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এবং পেসার শফিউল ইসলাম মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন সারেন।

পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ সিলেটে অনুশীলন করেছেন। অন্যদিকে নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান অনুশীলন করেছেন খুলনায়।

চট্টগ্রামে অফ স্পিনার নাঈম হাসানের অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে করতে পারেননি তিনি। এদিকে সোমবার থেকে মিরপুরে অনুশীলন করবেন ইমরুল কায়েসও।

করোনা প্রদুর্ভাবের কারণে ১৫ ও ১৬ মার্চ এক রাউন্ড খেলা হওয়ার পর স্থগিত হয়ে যায় এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর থেকেই মাঠের বাইরে সব ক্রিকেটার। সবাই ঘরেই যতটুকু সম্ভব ফিটনেস অনুশীলন করেছেন এতদিন।

এদিন মাঠে অনুশীলনে ফিরে শফিউলও বললেন শুরুর দিকে মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা। এই পেসার বলেন, ‘শুরুর দিকে মানিয়ে নিতে কিছুটা ঝামেলা হয়তো হবে, বিশেষ করে ফিটনেস নিয়ে। তবে বোলিং নিয়ে হয়তো অতটা সমস্যা হবে না। শুরুর দিকে ছন্দ পেতে একটু সমস্যা হতে পারে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে।’