মানবতাবিরোধী অপরাধ

১৪ যুক্তিতে মৃত্যুদণ্ড থেকে খালাস চান জামায়াতের আজহার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন (রায় পুনর্বিবেচনার আবেদন) করেছেন। মৃত্যুদণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের রায়ের অনুলিপি (সার্টিফায়েড কপি) পাওয়ার পর রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ আবেদন করেন। 

আবেদনে খালাস চেয়ে ১৪টি যুক্তি (গ্রাউন্ড) তুলে ধরা হয়েছে বলে জানান আইনজীবী। 

দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘দুপুরে সার্টিফায়েড কপি পাওয়ার পর পৌনে ২টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ ফাইল করেছি। আদালতের নিয়মিত কার্যসূচী অনুযায়ী আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।’ 

মুক্তিযুদ্ধের সময় গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আজহারের আপিল আংশিক মঞ্জুর করে গত বছরের ৩১ অক্টোবর সর্বোচ্চ সাজা বহাল রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেয়। গত ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে বিচারপতিদের স্বাক্ষরিত রায়ের অনুলিপি বিচারিক ট্রাইব্যুনালে পাঠানো হয়। 

আইন অনুযায়ী রিভিউ আবেদন খারিজ হলে কারাবিধি অনুযায়ী তার ফাঁসির দণ্ড কার্যকরে ব্যবস্থা নেবে সরকার। অবশ্য দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের সুযোগ থাকবে আজহারের সামনে। যদি সেই আবেদনও নাকচ হয়ে যায় তাহলে দণ্ড কার্যকরে কোনো বাধা থাকবে না।

মানবতাবিরোধী অপরাধের মামলায় এ টি এম আজহারকে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র সংঘের রংপুর শাখার তখনকার সভাপতি ও আলবদর বাহিনীর রংপুর অঞ্চলের কমান্ডার এ টি এম আজহারকে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার তিনটি অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।