বুড়িগঙ্গায় বালুবাহী জাহাজের ধাক্কায় নৌকার মাঝির মৃত্যু

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় আদম আলী সৈয়াল (৭০) নামে এক মাঝি নিহত হয়েছেন। 

রবিবার বিকেলে জিনজিরা বাঁশপট্টি খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আদম সৈয়াল শরীয়তপুরের কৌটাপাড়া এলাকার বাসিন্দা। পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচে একটি মেসে থাকতেন তিনি। 

স্থানীয়রা জানান, রবিবার বিকেলে খালি নৌকা নিয়ে মিটফোর্ড ঘাট থেকে জিনজিরার বাঁশপট্টি খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন আদম আলী। এ সময় একটি বালুবাহী বাল্কহেডও ফতুল্লার দিকে যাচ্ছিল। আদম আলীর নৌকা মাঝনদীতে আসামাত্র বাল্কহেডটি তার নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে বাল্কহেডের পাখায় জড়িয়ে গিয়ে গুরুতর আহত হন আদম আলী। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

স্থানীয় বরিশুর নৌ-পুলিশের ওসি মো. সোবাহান দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।’