লকডাউনকে পরমাণু অস্ত্রের সঙ্গে তুলনা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
‘দ্য সানডে টেলিগ্রাফ’ পত্রিকায় এক সাক্ষাৎকারে বরিস জনসন বলেন, আবার তিনি লকডাউন আরোপ করতে চান না। কারণ, সেটি করা মানে অনেকটা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার মতোই ব্যাপার।
জনসন বলেন, যুক্তরাজ্য এরকম অবস্থায় আর পড়বে বলে মনে হয় না। কারণ কর্তৃপক্ষ স্থানীয় পর্যায়ে বেশ ভালভাবেই করোনাভাইরাস সংক্রমণ চিহ্নিত করে আইসোলেশনের পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, আমরা এখন প্রকৃতপক্ষেই অনেক কাছ থেকে পরিস্থিতি নজরে রাখতে পারছি। ভাইরাসের প্রাদুর্ভাব আলাদা করে চিহ্নিত করতে পারছি এবং চটজলদি সেখানেই ব্যবস্থা নিতে পারছি। দরকার হলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে স্থানীয় এবং আঞ্চলিকভাবেই সে সমস্যা নিয়ন্ত্রণে রাখতে আমরা সক্ষম।
ব্রিটিশ প্রধানমন্ত্রী এর আগে শুক্রবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ ব্রিফিংয়ে আশা প্রকাশ করে বলেছিলেন, বড়দিনের মধ্যেই যুক্তরাজ্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।