বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় নৌকার মাঝি নিহত

বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় মো. আদম সৈয়াল (৭০) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছেন। রবিবার বিকেলে জিনজিরা বাঁশপট্টি খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আদম খালি নৌকা নিয়ে মিটফোর্ড ঘাট থেকে জিনজিরা বাঁশপট্টি ঘাটে আসছিল। এ সময় একটি বাল্কহেড ফতুল্লার দিকে যাচ্ছিল। নৌকাটি মাঝ নদীতে আসলে বাল্কহেডটি সেটিকে ধাক্কা দেয়। সাথে সাথে নৌকাটি ডুবে গিয়ে নৌকার মাঝি বাল্কহেডের পাখার সাথে বাড়ি খায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নিহত আদম সৈয়াল বাবু বাজার ব্রিজের নিচে একটি মেসে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুরের কৌটাপাড়া এলাকায়। তার পরিবার গ্রামে থাকতো।

বরিশুর নৌ পুলিশের ওসি মো. সোবাহান জানান, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।