ভার্চুয়াল আদালত

৬৯৮ শিশুর জামিন, ৬৮৫ শিশু অভিভাবকের কাছে

করোনাকালে ভার্চুয়াল আদালতে ৬৯৮ শিশুর জামিন হয়েছে, এর মধ্যে ৬৮৫ শিশুকে তুলে দেওয়া হয়েছে অভিভাবকের হাতে। দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা এসব শিশুর ৪৫ কার্যদিবসে শুনানি শেষে এসব জামিনের আদেশ হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান গতকাল রবিবার এসব তথ্য জানান। তিনি আরও জানান, বর্তমানে ৩টি শিশু উন্নয়ন কেন্দ্রে ৮৪০ শিশু রয়েছে। গত ১২ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত কেন্দ্রগুলোতে নতুন এসেছে ৪০৩ শিশু।

শিশু আইন, ২০১৩ অনুযায়ী আইনের সঙ্গে সংঘাতে বা সংস্পর্শে আসা শিশুদের কারাগারে না পাঠিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। সমাজসেবা অধিদপ্তরের অধীনে গাজীপুরের টঙ্গী ও কোনাবাড়ী এবং যশোরে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। এর মধ্যে টঙ্গী ও যশোরের কেন্দ্র দুটি বালক শিশুদের জন্য নির্ধারিত।  করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস (এসসিএসসিসিআর) গত ৫ এপ্রিল ভিডিও করফারেন্সে অনুষ্ঠিত এক বৈঠকে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের জামিনের আবেদন ও মামলার শুনানি ভার্চুয়াল পদ্ধতিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়। কমিটির চেয়ারম্যান হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী।