জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে ১৭টি লক্ষ্যমাত্রার ‘সংযুক্তি’ হিসেবে বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছে দেশের ২৫টি যুব সংগঠন। প্রস্তাবনাগুলো ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশনে পাঠানো হয়েছে। করোনাকালীন বৈশ্বিক অর্থনীতির ‘ধাক্কা’ কাটিয়ে ওঠা ও এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে বলে গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুব সংগঠন সিরাক বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার প্রস্তাবনাগুলো গণমাধ্যমে গৃহীত হয়। এরপর শুক্রবার সেগুলো একযোগে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ মিশনে পাঠানো হয়। বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ৪৬টি দেশের সরকার জাতিসংঘের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ স্বাস্থ্য খাতের উন্নয়নে তরুণদের সংযুক্তকরণ, করোনা-পরবর্তী অর্থনীতি মোকাবিলায় কর্মমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিত, উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে তরুণদের প্রাধান্য, তরুণদের জন্য বিশেষ ট্যাক্স রেয়াতের ব্যবস্থা করা ও তাদের আর্থিক সহায়তার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া।