‘যুক্তরাষ্ট্রে মৃত্যুহার কম’ ট্রাম্পের এমন দাবি মিথ্যা প্রমাণিত

করোনা নিয়ে আবারও বেঁফাস কথা বলে সমালোচিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাতকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে মৃত্যহার কম। যদিও দেশটির করোনা পরিস্থিতি নিয়ে সবগুলো পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।

মার্কিন প্রেসিডেন বলেন, আপনি যখন মৃত্যুহারের বিষয়ে কথা বলেন, আমার মনে হয় ব্যাপারটা উল্টো। আমি মনে করি বিশ্বের সবচেয়ে কম মৃত্যুর হার হচ্ছে আমাদের। 

তবে ট্রাম্পের এই দাবি মিথ্যা করে দিয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে।

আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন আরও প্রায় ৬৪ হাজার কভিড-১৯ রোগী।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, এখন পর্যন্ত দেশটিতে ৩৭ লাখ ৬২ হাজার ৮১ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন প্রায় দেড় লাখ মানুষ।

আক্রান্ত ও মৃতের তালিকায় উভয় দিকেই শুরু থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে একমাত্র যুক্তরাষ্ট্রেই মৃতের সংখ্যা লাখ পেরিয়েছে। 

এ ছাড়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিশ্বে মৃত্যুহারের দিক থেকে ওপরের দিকের দশটি দেশের একটি যুক্তরাষ্ট্র।

দেশটির লস অ্যাঞ্জেলস, ফ্লোরিডা,  ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে করোনা পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।

রবিবার ফ্লোরিডাতে একদিনেই ১২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। টানা পাঁচদিন ধরে ১০ হাজারের বেশি লোকের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হচ্ছে।

এরপরেও সাক্ষাতকারে ট্রাম্প দাবি করেন, ফ্লোরিডার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাচ্ছে। 

কেনটাকিতেও রেকর্ড পরিমাণ লোক আক্রান্ত হয়েছে। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের বেশি। এর মধ্যে মারা গেছেন ৭০০ এর অধিক।

এ ছাড়া লস অ্যাঞ্জেলসে এদিন রেকর্ড সংখ্যক আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়। নতুন করে আক্রান্ত সাড়ে ৪ হাজারের মধ্যে বিপুল সংখ্যক তরুণও রয়েছে।