করোনায় অবিশ্বাস্য এক ঘটনা ঘটে গেল যুক্তরাজ্যে। ১৩০ দিন হাসপাতালে থেকে করোনা জয় করে ফিরলেন ৩৫ বছর বয়সী এক ব্রিটিশ নারী। এর মধ্যে তিনি ভেন্টিলেশনেই ছিলেন ১০৫ দিন।
ডেইলি মেইল জানায়, করোনা আক্রান্ত হয়ে ১৩০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন ৩৫ বছরের ফাতিমা ব্রিডল। এর মধ্যে ৪০ দিন কোমায় ছিলেন তিনি। যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানান, ফাতিমা সুস্থ হওয়া তিনি খুশি।
১২ মার্চ ফাতিমাকে সাউদাম্পটন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মরক্কো থেকে এক মাস ছুটি কাটিয়ে ৬ মার্চ যুক্তরাজ্যে ফিরেন তিনি। তারপর থেকে অসুস্থ বোধ করছিলেন।
তার স্বামী ট্রেসি ব্রিডলের শরীরে প্রথম করোনা ধরা পড়েন। এরপর আক্রান্ত হন ফাতিমাও। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মুখের মধ্য দিয়ে টিউব ঢুকিয়ে স্যালাইন মিশ্রন দিয়ে তার ফুসফুস পরিষ্কার করা হয়। ১০৫ দিন ভেন্টিলেশনে থাকার পর এখন তিনি অনেকটাই সুস্থ। নিজে থেকে শ্বাস নিতে পারছেন। এবার তিনি বাড়ি ফিরতে পারবেন বলে জানা গেছে।
বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও তা কাজ করেনি। মার্চ মাসের ১৮ তারিখ তাকে ইনটেনসিভ কেয়ারে দেওয়া হয়। করোনা ছাড়াও একই সঙ্গে নিউমোনিয়া ও সেপসিসে আক্রান্ত হয়ে পড়েছিলেন ফাতিমা।
তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগের থেকে বেশি কথা বলতে পারছেন, ওয়াকার নিয়ে হাঁটতেও পারছেন। নিজে থেকে ৭০ শতাংশ শ্বাসও নিতে পারছেন। বাড়ি ছেড়ে হাসপাতালে রয়েছেন চার মাস। তবে এবার তিনি দ্রুত বাড়ি ফিরতে চান।
সাবেক সেনা সদস্য ট্রেসি ব্রিডল সংবাদমাধ্যমকে জানান, তার স্ত্রী মেডিক্যাল মিরাকল। এতদিন ভেন্টিলেশনে থাকার পর এভাবে সুস্থ হয়ে ওঠা অসাধারণ ব্যাপার।