সরকারের মজুদে আছে করোনা পরীক্ষার ৩ লাখ কিট

করোনাভাইরাসের শনাক্তে এর নমুনা পরীক্ষার জন্য সরকারেরর হাতে আর তিন লাখ কিট আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।

প্রতিদিন ১০ হাজার পরীক্ষা করা হলে এ কিটে আরো এক মাস যাবে বলে জানান সচিব। 

সোমবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনভিত্তিক মিটিং প্ল্যাটফর্ম ‘জুম’ এর মাধ্যমে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে সচিব মো. আব্দুল মান্নান বলেন, সরকারের কাছে বর্তমানে প্রায় ৩ লাখ কিট মজুদ রয়েছে।

তিনি বলেন, এরপর আরো কিট আমদাদির কার্যক্রমও অব্যাহত রয়েছে। প্রতিদিন ১০ হাজার করে পরীক্ষা করতে থাকলে মজুদকৃত কিট দিয়ে আরো অন্তত একমাস চালান যাবে। এরমধ্যে নিশ্চয়ই আরো কিছু কিট আমরা আমদানি করতে সক্ষম হব। সুতরাং দেশে করোনা পরীক্ষায় কোনো সংকট নেই। নিশ্চয়ই করোনা পরীক্ষা বৃদ্ধিতে আরো উদ্যোগ নেয়া হবে।

তবে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ের মথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন ১০ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা।

সভায় সচিব আরো বলেন, ‘যুক্তরাজ্য, চীনসহ অনেক দেশই ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছে। তথ্য মতে, বিশ্বের যেসব দেশের মাথাপিছু আয় ৪ হাজার ডলারের নিচে, সেসব দেশ এই ভ্যাকসিন বিনামূল্যে পাবে। যেহেতু বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলারের কাছাকাছি, সুতরাং বাংলাদেশে এই ভ্যাকসিন বিনামূল্যেই পেয়ে যাবে।’

আব্দুল মান্নান বলেন, ‘ভ্যাকসিন দেশে এলে দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে ক্রমান্বয়ে বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে। একই সঙ্গে ভ্যাকসিন আনার প্রক্রিয়া ও বিতরণের জন্যও সরকার যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে।’

অনলাইন সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

সভার কার্যক্রম সঞ্চালনের দায়িত্বে ছিলেন জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।
বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, দেশে বর্তমানে করোনা টেস্টের পরিমান কমে গেছে। করোনা মোকাবেলা করতে পরীক্ষা সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে।

খবর: বাসস।