লোহাগড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে মনিরা বেগম (২৫) নামে এক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ স্বামী হাবিব মৃধাকে (৩২) আটক করেছে । 

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর আড়িয়ারা গ্রামের গোলজার মৃধা ওরফে গোলে মৃধার ছেলে হাবিব মৃধার সাথে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের দাউদ সরদারের মেয়ে মনিরা বেগমের  বিয়ে হয় প্রায় আট বছর আগে। দাম্পত্য জীবনে তাদের কোন সন্তান না হওয়ায় হাবিব এক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামীর সাথে প্রথম স্ত্রী মনিরার প্রায়ই পারিবারিক কলহ  লেগে থাকতো। 

মনিরার স্বজনদের অভিযোগ, এ ঘটনার জের ধরে রবিবার  বিকালে স্বামী হাবিব  স্ত্রী মনিরাকে বেদম মারপিট করে এবং গলা টিপে ধরে। মনিরা গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে লোহাগড়া হাসপাতালে নেওয়া হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা বেগতিক দেখে নড়াইলে নেওয়ার পরামর্শ দেন। নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার  তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী হাবিবকে আটক করেছে। সোমবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। আটক স্বামী হাবিবকে  ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।  ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।