বড়বোন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরতেই ছোট বোন আনন্দে আত্মহারা। বাড়ির সামনে গান চালিয়ে রীতিমতো নেচে স্বাগত জানালেন দিদিকে। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
এই ঘটনার ভিডিও রবিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন আইপিএস অফিসার দীপাংশু কাবরা। যা ইতিমধ্যেই দেখেছেন ২২ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী। সেই ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘করোনাভাইরাসকে হারিয়ে ফেলার পর দিদিকে অভ্যর্থনা জানাচ্ছেন বোন।’ এ ছাড়াও সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও অনেকে দেখেছেন এই ভিডিও।
সেই ভিডিওতে দেখা যাচ্ছ, কোভিডকে জয় করে বাড়ি ফেরা দিদিকে স্বাগত জানাতে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন বোন। হেঁটে দিদি বাড়ির কাছে আসতেই ‘চিলার পার্টি’ ছবির ‘টাই টাই ফিস’ গানটি নিজের মোবাইলে চালালেন তিনি। তার পর শুরু হল নাচ। মনের আনন্দে বোনের সেই নাচই মন জিতেছে নেটাগরিকদের। বাড়ির সামনে এসে বোনকে নাচতে দেখে তাল মেলালেন হাসপাতাল থেকে ফেরা দিদিও। সেই নাচ শেষ হতে মেয়েকে বরণ করে ঘরে ঢোকালেন মা।
জানা গিয়েছে, এই যুবতীর নাম সালোনি সতপুতে।তিনি পুনের বাসিন্দা। ২৩ বছরের ওই যুবতী ছাড়া, তার বাড়ির সকলেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন।তার বাবা সর্বপ্রথম আক্রান্ত হন। তারপর একে একে বাড়ির অন্যরা। যার কারণে একাই বাড়িতে থাকতে হচ্ছিল তাকে। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সে সময় প্রতিবেশীরাও এক ঘরে করে দিয়েছিল তাদের। সালোনির বাবা-মা হাসপাতাল থেকে আগেই ছাড়া পেলেও দিদি ইদানিং ছাড়া পেয়েছে। তাই দিদি ফিরতেই মনের আনন্দে নাচ করেছেন তিনি। পাশাপাশি এই নাচের মাধ্যমে প্রতিবেশীদেরও বার্তা দিতে চেয়েছেন।