কুমিল্লায় বিএনপি নেতা আউয়াল খানের দাফন সম্পন্ন

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের মরদেহ জন্মস্থান কুমিল্লার দেবীদ্বারে তার নিজ গ্রাম কাশারী খোলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে জেলা যুবদলের নেতাকর্মীরা তার দাফন কাজ সম্পন্ন করেন।

এর আগে সোমবার বিকেল পৌনে ৫ টায় তরুণ এই নেতার লাশবাহী অ্যাম্বুলেন্সকে হাসপাতাল থেকে বিদায় জানান বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাজাহান ও নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন শিশির, রবি খানসহ স্থানীয় নেতারা।

জেলার উপজেলার কাশারী খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে আবদুল আউয়াল খানের জানাজা হয়। এতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন।  

করোনা ভাইরাসের কাছে হার মেনে এদিন বেলা সোয়া ২ টায় মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা কলেজের সাবেক জিএস আউয়াল খান। তার মৃত্যুতে বিএনপির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।