কুমিল্লা বিভাগ বিএনপির সহসাংগঠনিক ও ঢাকা কলেজের সাবেক জিএস আবদুল আউয়াল খান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দুপুর ২টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছোট ভাই আবদুল নবিন খান বলেন, রাতে দেবিদ্বারে স্বাস্থ্যবিধি মেনে জেলা যুবদলের নেতাকর্মীরা আবদুল আউয়ালকে দাফন করেন। আউয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আবদুল নবিন খান বলেন, ‘ভাইকে (আবদুল আউয়াল খান) গত মঙ্গলবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার টেস্টে পজিটিভ আসে। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে মুগদাতে আইসিইউ বেড না পেয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।’