জনপ্রিয় ধারাবাহিক ‘কোড়াপাখি’র অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অভিনেতার স্ত্রী ও মেয়ে একই রোগে আক্রান্ত।
সুরজিতের মেয়ে সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আমার এবং বাবা-মা তিনজনেরই কভিড টেস্ট আজ পজিটিভ এসেছে। তিন মাস গৃহবন্দি থাকার পর এ জিনিস কী করে সম্ভব তা আমার জানা নেই।’’
এতদিন বাড়িতে বন্দি থাকার পর অর্থাভাবে অনেকটা বাধ্য হয়েই শুটে যেতে হয়েছিল সুরজিৎকে- এ কথা উল্লেখ করেই মেয়ে দেবপ্রিয়া লেখেন, “আমাদের যতটুকু তথ্য দেওয়া হয়েছিল তাতে আমরা জানতাম টলিপাড়া সম্পূর্ণরূপে স্যানিটাইজড রয়েছে। হয়তো অন্য কোনোভাবে সংক্রমিত হয়েছে বাবা। অনেকে বলছে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। বোধহয় আমরাই ছিলাম গোষ্ঠী সংক্রমণের প্রথম তিন বলি।’’
দিন কয়েক আগেই হঠাৎই জ্বর আসে সুরজিতের স্ত্রীর। এর কিছুদিন পরই গলা ব্যথা শুরু হয় অভিনেতার। এর পরেই সপরিবার টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। সুরজিতের স্ত্রীর জ্বর এখনো কমেনি।
দেবপ্রিয়ার পোস্ট থেকেই জানা গেছে, ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের কাছে খবর গেছে। আপাতত ঘরের বাইরে পা রাখছেন না তারা। তবে পুরনো দিনের বাড়ি হওয়ায় এবং জায়গার অভাব থাকায় একটি ঘরেই আছেন তিনজন। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কী করবেন, কোথায় যাবেন তা নিয়ে বেশ চিন্তিত তিনি।
এ দিকে ‘কোড়াপাখি’ ধারাবাহিকের লেখক ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, “দশ দিন আগে শেষ শুটিং করে গেছে সুরজিৎ। গাইডলাইন অনুযায়ী যদি কোনো অভিনেতা শুটিং চলাকালে কভিড আক্রান্ত হন তবে তিন দিন শুটিং বন্ধ রেখে ফ্লোর স্যানিটাইজ করা হবে। এ ক্ষেত্রে যেহেতু দশ দিন আগে সুরজিৎ ফ্লোরে এসেছে তাই সেই নিয়ম কার্যকরী নয়। আগের মতোই শুটিং হবে ধারাবাহিকটির।’’