চিকিৎসার নামে প্রতারণা ও অনিয়মের মামলায় রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
তিনজনের জামিন আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম মঙ্গলবার এই আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্য দুজন হলেন- হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত ও স্টোর কিপার শাহরিজ কবির।
এর আগে রবিবার সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানায় র্যাব। তাৎক্ষণিক হাসনাত ও শাহরিজকে গ্রেপ্তার করা হয়।
পরে ওই হাসপাতালের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের ছেলে ফয়সালসহ তিনজনকে আসামি করে সোমবার রাতে গুলশান থানায় মামলা করা হয়।
ওই দিন রাতেই বনানীর ‘সুইট ড্রীম’ হোটেল থেকে ফয়সালকে গ্রেপ্তার করে র্যাব। তার বাবা সাহাবউদ্দিনই ওই হোটেলের মালিক।
হাসপাতালটির বিরুদ্ধে অনুমোদন না থাকার পরও র্যাপিড কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা, পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দেওয়া, সুস্থ রোগীকে ‘করোনা পজিটিভ’ দেখিয়ে হাসপাতালে ভর্তি, মেয়াদোত্তীর্ণ মেডিকেল সরঞ্জাম রাখাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।