রাজধানীতে জলাবদ্ধতার কারণ ব্যাখ্যা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি এর সমাধানে সরকার কাজ করছে বেলেও জানান।
তিনি বলেন, দেশের উজান থেকে আসা পানির প্রবাহ বেশি থাকায় এবং নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাজধানী থেকে স্বাভাবিকভাবে পানি বের করা সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার মন্ত্রণালয়ের নিজ কক্ষে রাজধানীর জলাবদ্ধতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব বলেন।
তাজুল ইসলাম বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসার তিনটি পাম্পিং স্টেশন কমলাপুর, রামপুরা ও কল্যাণপুর থেকে ১৭টি পানির পাম্পসহ পানি উন্নয়ন বোর্ডের অনেকগুলো পানির পাম্প দিয়ে শহর থেকে সেচের মাধ্যমে পানি বের করা হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি পাম্প দিয়ে সেকেন্ডে ৫ হাজার লিটার পানি বের করা সম্ভব হচ্ছে, যা অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে জমানো পানির তুলনায় অনেক কম। সেজন্য নগরীর বিভিন্ন জায়গায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছে।
তাজুল ইসলাম আরো বলেন, রাজধানীর জলবদ্ধতা নিরসনে ঢাকার সব জলাশয়গুলোতে পানির ধারণ ক্ষমতা ও প্রবাহ বৃদ্ধির পাশাপাশি ঢাকার আশপাশের নদ-নদীগুলোকে ড্রেজিং করে পানির ধারণ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
এ বিষয় মন্ত্রণালয় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণে বুধবার এক জরুরী সভা আহ্বান করা হয়েছে। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, রাজউক, মেট্টোরেল কর্তৃপক্ষ, বিআরটিএ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ উপস্থিত থাকবে বলে জানান।
তিনি আরো বলেন, এ সভায় সব পক্ষের মতামত নিয়ে রাজধানীসহ বিভিন্ন শহরের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে।