বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরির শিকার হওয়া মাশুক মিয়া জনিকে বিভিন্ন ধাপে ক্ষতিপূরণ হিসেবে মোট ১৩ লাখ ৪৭ হাজার টাকা দিয়েছে ফিফা।
মঙ্গলবার এক বিবৃতিতে জনির শেষ কিস্তির টাকা পাওয়ার কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে। তাজিকিস্তানে হওয়া ওই ম্যাচের স্কোয়াডে ছিলেন মিডফিল্ডার জনি। কিন্তু ম্যাচের আগে লিগামেন্ট ছিঁড়ে যায় তার।
ফলে বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার করোনার কারণে স্থগিত হওয়ার মৌসুমে পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন। ‘ফিফা ক্লাব প্রোটেকশন স্কিম’ অনুযায়ী তার পাশে দাঁড়ায় ফিফা।
বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় জনি তার ক্লাব বসুন্ধরা কিংস, বাফুফে ও ফিফার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুঃসময়ে পাশে থাকার জন্য।