ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজশাহীর পুঠিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এখলাস আলী (২০) নামে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার এক আসামি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা জব্দ করা হয়। এখলাস উপজেলার গণ্ডগোহালী গ্রামের কাশেম আলীর ছেলে। র‌্যাব বলছে, মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল এখলাস। এর আগে গত ৯ এপ্রিল গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে পুঠিয়া বাজার এলাকার সেলিম উদ্দীনের মেয়ে ইভা আক্তার (১২)। তার স্বজনদের ভাষ্য, গত ২৫ জানুয়ারি বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে দুলাভাই এখলাসের হাতে ধর্ষণের শিকার হয় ইভা। এ নিয়ে পরে সালিশ বৈঠকও হয়। এ অপমান সইতে না পেরে আত্মহত্যা করে ইভা। এ ঘটনায় এখলাসের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনায় একটি মামলা হয়। এরপর থেকেই পলাতক ছিল সে।

গণমাধ্যমে পাঠানো র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পীরগাছা এলাকায় মাদকসহ অবস্থান করছিল এখলাসসহ আরও কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় র‌্যাব-৫-এর একটি টিম। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা জবাব দিলে পিছু হটে তারা। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা ও ৪৮০টি ইয়াবাসহ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। পরে থানায় খোঁজ নিয়ে জানা যায়, এখলাসের বিরুদ্ধে তার শ্যালিকাকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলা ছিল।