গ্রাহকসেবা বৃদ্ধিতে সুনির্দিষ্ট কৌশলপত্র প্রণয়ন আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

সারা বছর কোন সংস্থা কীভাবে গ্রাহকসেবা বৃদ্ধি করবে তার সুনির্দিষ্ট একটি কৌশলপত্র প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ খাতের মানবসম্পদ উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মুজিববর্ষে দক্ষ জনগোষ্ঠী গড়ার লক্ষ্যমাত্রা পূরণ হলেও তা আরও বাড়ানো প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা প্রতিনিয়ত বাড়িয়ে গ্রাহক সন্তুষ্টিতে কাজ করতে হবে।’

গতকাল মঙ্গলবার অনলাইনে বিদ্যুৎ খাতে বিদ্যমান মানবসম্পদ মূল্যায়ন ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজি প্রদত্ত প্রতিবেদনের ওপর আলোচনাকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।