রাজধানীর জলাবদ্ধতা সরকারের উন্নয়নের নমুনা : রিজভী

দুই দিনের বৃষ্টিতে রাজধানীতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটাই সরকারের উন্নয়নের নমুনা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সরকার কত উন্নয়নের কথা বলেছে। কোথায় উন্নয়ন? আজকে দুই দিনের বৃষ্টিতে ঢাকায় কোথাও চলাচল করা যায় না। পথঘাট সব ডুবে গেছে। গাড়িতে করে বাসা পর্যন্ত যেতে এক কোমরপানি ডিঙিয়ে যেতে হচ্ছে। গোটা ঢাকা মহানগরীর মানুষজন জলাবদ্ধতার ভয়ংকর দুর্ভোগের মধ্যে পড়েছে।’

গতকাল নয়াপল্টনে স্কাউট ভবনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে সদ্য প্রয়াত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, কোথায় সেই উন্নয়ন? উন্নয়ন ফ্লাইওভারে, উন্নয়ন মেগা প্রজেক্টে। কারণ ওখান থেকে টাকা যেভাবে পকেটের মধ্যে আসে, অন্যখান থেকে সেভাবে টাকা আসে না।