রাজধানীর শাহাজাহানপুর অফিসার্স কলোনি থেকে সেলিনা আক্তার (৩২) নামে এক নারী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে বি/১৬/এ নম্বর বাড়ির নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। এছাড়া একইদিন সকালে বনানীর সেতু ভবনের সামনের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শাহজাহানপুর থানার এসআই শাহীন আলম জানান, সেলিনা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আবুল খায়েরের মেয়ে। কয়েক বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ঢাকায় আসেন তিনি। গত এক বছর ধরে ওই কলোনির এ এম সালাউদ্দিনের বাসায় কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো সোমবার রাতেও খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সেলিনা। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় বাসার লোকজন তার ভাইকে খবর দেন। সেলিনার শরীরে আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে বনানী থানার এসআই মো. বোরহান উদ্দিন রব্বানী জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বনানী সেতু ভবনের বিপরীত পাশের রাস্তায় যুবকের লাশ পড়ে থাকার খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোরে ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গাড়িচাপায় মৃত্যু হয়েছে তার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।