নির্বাচনে বাইডেনকে সমর্থনের ঘোষণা মুসলিমদের

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির মুসলিম কমিউনিটি। গত সোমবার এ কমিউনিটির একদল প্রভাবশালী নেতা তার প্রতি এ সমর্থন ব্যক্ত করেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনপিআর।

এপি জানিয়েছে, সমর্থন জানানো ব্যক্তিদের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর এবং আন্দ্রে কারসন, মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কেইথ এলিসনের নাম রয়েছে। ইলহান ওমর ইতিপূর্বে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সিনেটর বার্নি স্যান্ডার্সকে সমর্থন দিয়েছিলেন। তবে সম্প্রতি স্যান্ডার্স দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে মেনে নিলে ইলহান ওমরও তাকে সমর্থন দেন। বাইডেনকে সমর্থন জানিয়ে পাঠানো মুসলিম নেতাদের একটি চিঠি হাতে পেয়েছে এপি। ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে হোয়াইট হাউজ থেকে ট্রাম্পকে হটিয়ে দেওয়া এবং এমন কাউকে তার জায়গায় স্থলাভিষিক্ত করা যে আমাদের জাতিকে সুস্থ করে তোলার কাজ শুরু করতে পারবেন। বাইডেন প্রশাসন জাতিকে এগিয়ে নিয়ে যাবে।’

এমগেজ অ্যাকশন নামের মুসলমানদের শক্তিশালী একটি নাগরিক সংগঠন আনুষ্ঠানিকভাবে বাইডেনকে সমর্থন দেওয়ার এ উদ্যোগ নেয়। এ সংগঠনটি দেশটিতে মুসলমানদের রাজনৈতিক জোট হিসেবে পরিচিত। সোমবার সংগঠনটির ‘মিলিয়ন মুসলিম ভোটস’ শীর্ষক ভার্চুয়াল সমাবেশেও অংশ নেন জো বাইডেন।