রাজধানী ঢাকার দক্ষিণখানে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকালে র্যাবের মিডিয়া শাখা থেকে পাঠানো এক এসএমএসে এ কথা জানানো হয়।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণখানের আশিয়ান সিটি এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে দাবি করে র্যাব।
তাদের দাবি, নিহত রিপনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও এক হাজার ৯৩৭ ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
নিহত রিপনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।