বয়স ৩৮ হলেও জ্লাতান ইব্রাহিমোভিচ এখনো প্রাণবন্ত। একের পর এক গোল করে যাচ্ছেন সুইডিশ এই তারকা ফুটবলার। তার জোড়া গোলে এবার সেরি আয় সাস্সুয়োলোকে হারিয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগের টিকিট নিশ্চিত করেছে এসি মিলান।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ইতালির শীর্ষ লিগে সাস্সুয়োলোকে ২-১ গোলে হারায় অতিথি দল। ম্যাচের তিনটি গোলই হয় প্রথমার্ধে। এর মধ্যে জোড়া গোল করেন মিলান ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।
ম্যাচের ১৯তম মিনিটে সতীর্থ তুর্কি উইঙ্গার হাকান চালহানগ্লুর ক্রসে বল পেয়ে নিখুঁত হেডে মিলানকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। ৪২ তম মিনিটে পেনাল্টিতে স্বাগতিক সাস্সুয়োলো সমতা ফেরানোর পর বিরতির আগে আবার ব্যবধান গড়ে দেন তিনি।
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে লিগ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি এসি মিলান। দলটির অপরাজিত থাকার এই ধারায় বড় অবদান বার্সেলোনা, পিএসজি ও ম্যানইউ’র হয়ে খেলে আসা ইব্রাহিমোভিচের।
এই জয়ে ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এসেছে মিলান। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থেকে লিগ শেষ করার অর্থ কোনো হিসেব ছাড়াই আগামী মৌসুমে ইউরোপা লিগ খেলবে ক্লাবটি।
এক ম্যাচ কম খেলা ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্তাস টানা নবম সেরি আ জয়ের খুব দ্বারপ্রান্তে। লিগে নিজেদের অবশিষ্ট চার ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে তাদের।