জন্ম নিয়েই এক নবজাতক গোটা গ্রামে হইচই ফেলে দিয়েছে। কারণ আট বছর পর কোনো শিশুর জন্ম হলো গ্রামটিতে।
দ্য গার্ডিয়ান জানায়, ইতালির ছোট একটি গ্রাম মর্টেরোনে এই ঘটনা ঘটে। লোম্বারডি নামে একটি পাহাড়ি গোষ্ঠী মর্টেরোনের বাসিন্দা।
রবিবার গ্রামটির এক পরিবারের জন্ম নিয়েছে একটি ছেলে শিশু। তার আগমনে পুরো গ্রামবাসী উৎসবে মেতে উঠে।
মর্টেরোনের মেয়র আন্তোনেলা ইনভারনিজ্জির কণ্ঠেও সেই উচ্ছ্বাস ধরা পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, সত্যিকার অর্থে গোটা সম্প্রদায়ের 'সেলিব্রেশনের' বিষয় এটি।
ল্যাকোর আলেজান্দ্রো মানজোনি হাসপাতালে শিশুটির জন্ম হয়। তার নাম রাখা হয় ডেনিস।
ইতালির প্রথা অনুযায়ী, কোনো শিশু ভূমিষ্ট হলে বাড়ির দরজায় একটি রিবন বা ফিতা আটকে দিয়ে ঘোষণা করা হয় যে, ছেলে হয়েছে নাকি মেয়ে।
ছেলে হলে দরজায় লাগানো হয় নীল ফিতা ও মেয়ে হলে ফিতার রঙ হয় গোলাপি। এই প্রথা অনুসরণ করা হয় ডেনিসের ক্ষেত্রেও।
তার বাবা-মা ম্যাটিয়ো ও সারা তাদের দরজার বাইরে একটি নীল রঙের ফিতে লাগিয়ে দেন। উপরে লিখে দেওয়া হয় নবজাতকের নাম-ডেনিস।
শেষবার ২০১২ সালে এই গ্রামে এভাবে দরজায় ফিতে লাগানো হয়েছিল। সেবার এক কন্যাসন্তানের জন্ম হয়েছিল গ্রামটিতে। তখন গোলাপি রঙের ফিতে লাগানো হয়েছিল।
এরপর এতদিন মর্টেরোন গ্রামে আর কোনও শিশু জন্মায়নি। আট বছর পর করোনা মহামারির মধ্যে জন্ম নিল ডেনিস।
এই নতুন সদস্য আসায় বর্তমানে গ্রামবাসীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জন।