‘সন্ত্রাসীদের’ ২ পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

বগুড়া শহরে ‘সন্ত্রাসীদের’ দুই গ্রুপের গোলাগুলিতে আল-আমিন শেখ রাব্বী (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে।

গত মঙ্গলবার গভীর রাতে নিশিন্দারা চকোরপাড়া জাহিদ মেটালের ইউক্যালিপটাস বাগানে এ ঘটনা ঘটে। আল-আমিন শহরের সুলতানগঞ্জ এলাকার খালেকুজ্জামান হেলালের ছেলে। পুলিশের দাবি, আল-আমিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে নিশিন্দারা চকোরপাড়া এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলির খবরে ঘটনাস্থলে যায় তাদের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানকার একটি ইউক্যালিপটাস বাগানে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড গুলির খোসাও জব্দ করা হয়। এরপর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, থানার রেকর্ড অনুযায়ী আল-আমিনের নামে হত্যা, অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা ও বিশেষ ক্ষমতা আইনে সাতটি মামলা রয়েছে।