চট্টগ্রামের মেয়ে রুবাইয়েত জাহান ব্রিটিশ প্রবাসী হলেও বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করে প্রশংসা কুড়িয়েছেন। পপসঙ্গীতসহ নানা ধরনের গান করে থাকেন। বাংলার বাইরে ইংরেজি, উর্দু, হিন্দিতেও তার গানের দর্শক রয়েছে।
এ ছাড়া ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে তার গায়কী বেশ প্রশংসিত। লকডাউনের মধ্যেও গানের চর্চা করে যাচ্ছেন নিয়মিত। তারই ধারাবাহিকতায় ঈদে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘দুটি চোখ’।
গানটি লিখেছেন ও সুরারোপ করেছেন হীরা কাঞ্চন হীরক। আর সঙ্গীতায়োজনে আছেন লন্ডন প্রবাসী রাজা কাশেফ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
সেমিক্ল্যাসিক ঘরানার এই গানটি মনোমুগ্ধরকর চিত্রায়ন করে ভিডিও নির্মান করেছেন শাহরিয়ার পলক। রুবাইয়েত জাহানের সাথে ভিডিওতে দেখা যাবে রাজা কাশেফকেও।
রুবাইয়াত জাহান বলেন, ‘প্রেমিককে কাছে পাওয়ার যে আকুলতা তারই বহিঃপ্রকাশ দুটি চোখ গানটি। সব শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে গানটি। আর ভিডিওটিও সবার নজর কাড়বে বলে আশা করছি। চমৎকার সব চিত্রায়ন আছে ভিডিওতে।’
জানা গেছে, আগামী ২৫ জুলাই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ‘দুটি চোখ’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক অ্যাপ ও রবি রবি স্প্ল্যাশে।