ওয়েস্ট হামের সঙ্গে ম্যান ইউনাইটেডের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে ১-১ গোলে ড্র হয় দুই দলের ম্যাচ।

ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে পিছিয়ে পড়ে ম্যান ইউনাইটেড। স্পট কিকে ওয়েস্ট হামকে এগিয়ে দেন মিশেল আন্তোনিও। বিরতির পর দ্রুতই ম্যাচে সমতা ফিরিয়ে ছিল উলে গুনার সুলশারের দল। ৫১ মিনিটে সমতা ফেরানো গোলটি করেন ম্যাসন গ্রিনউড।

এই ড্রয়ে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করেছে ওয়েস্ট হাম ইউনাইটেড।

অন্যদিকে আপাতত টেবিলের তিন নম্বরে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে হলে লেস্টার সিটির বিপক্ষে আসরে নিজেদের শেষ ম্যাচে অনন্ত ১ পয়েন্ট পেতে হবে ম্যান ইউনাইটেডকে।

৩৭ ম্যাচে ১৭ জয়, ১২ ড্রয়ে ৬৩ পয়েন্ট তৃতীয় স্থানে ম্যান ইউনাইটেড। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ওয়েস্ট হাম।