‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রশিদ উল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রশিদ উল্লাহ হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের শফিক উল্লাহর ছেলে। র‌্যাবের দাবি, রশিদ একজন চিহ্নিত ডাকাত ও রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য।

কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, গোপন সংবাদে দমদমিয়া জাহাজঘাট এলাকায় একদল ডাকাতের ডাকাতি প্রস্তুতির খবরে গতকাল ভোরে ঘটনাস্থলে যায় র‌্যাবের একটি দল। এ সময় তাদের ওপর গুলি চালায় ডাকাতদলের সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি এলজি ও পাঁচ রাউন্ড গুলিসহ এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।